ওসমানীনগরে প্রবাসীর বাসায় ডাকাতি
প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০১৬ ইং, ৪:১৫ অপরাহ্ণ | সংবাদটি ৬৪০ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরে এক প্রবাসীর বাসায় দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। গত শনিবার রাত সাড়ে ৭টায় উপজেলার গোয়ালাবাজার ইউপির দত্ত গ্রামের যুক্তরাজ্য প্রবাসী ছালিক মিয়ার বাসা আনছার মঞ্জিলে এঘটনা ঘটে। ঘটনার পর রাতেই ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাসার মালিক ঘটনাটি ডাকাতি বললেও পুলিশ বলছে চুরি।
এব্যাপারে প্রবাসীর স্ত্রী রুমি বেগম ও ভাই সানুর মিয়া জানান, শনিবার সন্ধ্যায় তাদের বাসার দুটি কলাপসিবল গেইট তালা দিয়ে স্থানীয় গোয়ালাবাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে তাদের বোনের গায়ে হলুদে চলে যান। রাত সাড়ে ৭টার দিকে কিছু দরকারি জিনিস নিতে সানুর মিয়া বাসায় ফিরে দেখেন ৬/৭ জনের একদল ডাকাত তাদের বাসার গেইটের তালা ভেঙে ঘরে প্রবেশ করে লুটপাট করে। এসময় তার চিৎকারে ডাকাতরা পালিয়ে যায়। ডাকাতরা দুই ভরি স্বর্ণালংকার, নগদ ১৫ হাজার টাকা, ৪টি মোবাইল সেট, মূল্যবান সামগ্রীসহ প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায় তারা জানান।
থানার এসআই রাকিবুল হাসান বিষয়টি ডাকাতি নয় চুরি সংগঠিত হয়েছে বলে জানান।


