জগন্নাথপুরে সংঘর্ষে ইউপি সদস্যসহ আহত ১০
প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০১৬ ইং, ১১:৩৫ অপরাহ্ণ | সংবাদটি ১০২৯ বার পঠিত
ওয়াহিদুর রহমান ওয়াহিদ::জগন্নাথপুরে বাড়ির সীমানা দেয়াল নির্মাণ নিয়ে শালিস বৈঠকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় স্থানীয় ইউপি সদস্যসহ কমপক্ষে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের আটঘর-নোয়াগাঁও গ্রামে। নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় আবারো বড় ধরণের সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানাগেছে, আটঘর-নোয়াগাঁও গ্রামের জিলু মিয়া ও ফারুক মিয়ার লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গার মালিকানা নিয়ে বিরোধ চলে আসছে। জিলু মিয়া তার বাড়ির সীমানা দেয়াল নির্মাণ করতে গেলে ফারুক মিয়ার লোকজন বাধা দেন।
এ নিয়ে তাদের বিরোধ দেখা দিলে সোমবার বিকেলে গ্রামবাসীর উদ্যোগে সৃষ্ট বিরোধ নিস্পত্তির লক্ষে শালিস বৈঠক বসে।
শালিস বৈঠকে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে শালিসি ব্যক্তি স্থানীয় ইউপি সদস্য আনা মিয়া, লাল মিয়া, সুন্দর আলী, আরশ আলী, এনাম হোসেন, সুমন মিয়া, মোহাম্মদ আলী, মিন্টু মিয়াসহ উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন। আহতদের মধ্যে ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
অন্যান্য আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিসহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


