জগন্নাথপুরে সামাদ আজাদের স্বপ্ন বাস্তবায়নে এলাকাবাসী
প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০১৬ ইং, ১০:৩০ অপরাহ্ণ | সংবাদটি ৬৬০ বার পঠিত
ওয়াহিদুর রহমান ওয়াহিদ:: সুনামগঞ্জের জগন্নাথপুরে সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত জাতীয় নেতা আলহাজ্ব আব্দুস সামাদ আজাদের স্বপ্ন বাস্তবায়ন হতে চলেছে। প্রয়াত জাতীয় নেতার স্বপ্ন ছিল তাঁর গ্রামের বাড়ি জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের ভূরাখালী গ্রামে নলুয়ার হাওরের পশ্চিমপাড়ে একটি বাজার হবে।
যে বাজারটিকে ঘিরে পশ্চাৎপদ হাওরাঞ্চলের অবহেলিত জনগণের জীবনমান উন্নত হবে। বৃদ্ধি পাবে মৌলিক সুযোগ-সুবিধা। কমে যাবে দুঃখ-কষ্ট। পাল্টে যাবে সামাজিক দৃশ্যপট। ঘোচে যাবে সকল অন্ধাকার। বিদ্যুতের আলোয় আলোকিত হবে হাওরপাড়। ভ্রাতৃত্বের সেতুবন্ধন তৈরী হবে জগন্নাথপুর ও দিরাই বাসীর। প্রয়াত জাতীয় নেতার এ স্বপ্নকে বাস্তবায়ন করতে এগিয়ে এসেছেন এলাকাবাসী। তাঁদের প্রচেষ্টায় ভূরাখালী গ্রামের পাশে খেয়াঘাট নামক স্থানে ‘ভূরাখালী বাজার’ নামের একটি বাজার প্রতিষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে সরজমিনে দেখা যায়, বাজারে ছোট ছোট কয়েকটি কাঁচা ঘরের দোকানপাট রয়েছে। জমজমাটভাবে চলছে তাদের ব্যবসা-বাণিজ্য। আরো দোকানপাট তৈরীর নির্মাণ কাজ চলছে। স্থানীয় উৎসাহী ব্যবসায়ীরা দ্রুত করছেন তাদের দোকানপাট তৈরীর কাজ।
এ সময় স্থানীয়রা জানান, জগন্নাথপুর উপজেলা হাওর উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক ভূরাখালী গ্রামের বাসিন্দা তরুন সমাজকর্মী সিদ্দিকুর রহমানের প্রচেষ্টায় ও ভূরাখালী গ্রামবাসীর উদ্যোগে প্রয়াত জাতীয় নেতার স্বপ্ন বাস্তবায়নে বাজার প্রতিষ্টার কাজ এগিয়ে যাচ্ছে। এ বাজারটি প্রতিষ্ঠিত হলে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল অবহেলিত গ্রাম ভূরাখালী, নয়া চিলাউড়া, দিরাই উপজেলার প্রত্যন্ত অঞ্চলের রাজনগর, গর্মা, বাটিরগাঁও, মিঠাপুর বড়বাড়ি, এখতিয়ারপুর, আধবাড়ি, টংগর, বাসুরীসহ ১১ টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ উপকৃত হবেন।
এ অঞ্চলের প্রায় ৮ কিলোমিটার এরিয়ার মধ্যে আর কোন বাজার না থাকায় যুগযুগ ধরে স্থানীয় জনসাধারণ ভোগান্তির শিকার হয়ে আসছেন। এ বাজারটি প্রতিষ্ঠিত হলে হাওরপাড়ের জনসাধারণের ভোগান্তি অনেকটা লাঘব হবে। এ বাজারটি জগন্নাথপুর উপজেলা সদর থেকে প্রায় ৯ কিলোমিটার ও দিরাই উপজেলা সদর থেকে ১২ কিলোমিটার দুরে নলুয়ার হাওরের পশ্চিমপাড়ে অবস্থিত। সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত জাতীয় নেতা আলহাজ্ব আব্দুস সামাদ আজাদের প্রতিষ্ঠিত জগন্নাথপুর থেকে নলুয়ার হাওরের উপর দিয়ে ভূরাখালী গ্রাম পর্যন্ত একটি ডুবন্ত ছোট পাকা রাস্তার মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা রয়েছে।
এ রাস্তাটি বর্ষা মৌসুমে পানির নিচে তলিয়ে যায়। বর্তমানে এ সড়কটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তাটির বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়ে বেহাল দশায় পরিণত হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। এছাড়া ভূরাখালী বাজার থেকে পশ্চিম দিক দিরাই উপজেলা অংশের রাস্তাটির অবস্থাও নাজুক। জগন্নাথপুর ও দিরাই উপজেলা অংশের এ দুটি রাস্তার সংস্কার ও পুনঃনির্মাণ করা হলে উন্নত যোগাযোগ ব্যবস্থায় দুই উপজেলার মাইলফলক উ্েমাচিত হবে। তাই জরুরী ভিত্তিতে রাস্তাগুলোর কাজ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান এলাকাবাসী।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা হাওর উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক ভূরাখালী গ্রামের বাসিন্দা তরুন সমাজকর্মী সিদ্দিকুর রহমান বলেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত জাতীয় নেতা আলহাজ্ব আব্দুস সামাদ আজাদের দীর্ঘ দিনের স্বপ্ন ছিল তাঁর নিজ জন্মস্থানে একটি বাজার প্রতিষ্ঠা করা। কিন্তু তিনি তা পারেননি। এর আগেই তিনি চলে গেছেন না ফেরার দেশে। তাই আমরা গ্রামবাসীর উদ্যোগে আমাদের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি সামাদ আজাদের স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে ভূরাখালী বাজারটি প্রতিষ্ঠা করেছি।


