বিশ্বনাথে ইউপি চেয়ারম্যানকে আসামি করে প্রবাসীর বিধবা স্ত্রীর মামলা
প্রকাশিত হয়েছে : ২১ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৫:২৯ অপরাহ্ণ | সংবাদটি ১১৭০ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে প্রবাসী এক বিধবা মহিলার জমি দিয়ে জোর পূর্বক রাস্তা নিতে না পারায় শুক্রবার গভীর রাতে তার বাড়িতে হামলা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এঘটনায় শনিবার রাতে প্রবাসী সবজুল খাঁন’র বিধবা স্ত্রী জাহিরা খাতুন বাদি হয়ে থানায় স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ ৯জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলা নং ২৬। মামলা দায়েরের সত্যতা স্বীকার করেন থানার ওসি আবদুল হাই।
মামলার আসামিরা হলেন-উপজেলার দেওকলস ইউপি চেয়ারম্যান তাহিদ মিয়া, উপজেলার কজাকাবাদ (একলাবাড়ি) গ্রামের আবদুল হাসিমের পুত্র আবদুল মতিন, আবদুল মান্নান, তার চাচাতো ভাই তুরন মিয়া, ফারুক মিয়া, লেচু মিয়া, লেবু মিয়া, জয়নাল মিয়া, ছুনু মিয়া।
জানাযায়, আসামিরা দীর্ঘ দিন ধরে ওই বিধবা মহিলা ও মামলার বাদিনী জাহিরা খাতুন’র বাড়ির পূর্বে স্বামীর ধানী জমির ওপর দিয়ে জোর পূর্বক রাস্তা নেয়ার পায়তারা করে আসছে। তিনি মানবিক দৃষ্টি থেকে রাস্তা নেয়ার জন্য ৪হাত জমি দেন। সেই সঙ্গে রাস্তার উভয় পার্শ্বে একটি গার্ড ওয়ালও করেন। কিন্তু প্রতি পক্ষের লোকজন অসন্তোষ হয়ে ওই দিন গভীর রাতে গার্ডওয়াল ভেঙে তাদের ইচ্ছেমত রাস্তা বড় করে মাটি ভরাট শুরু করেন। এতে বিধবার আতœীয়-স্বজনরা বাঁধা দিলে আসামিরা তার বাড়িতে হামলা চালিয়ে ইট-পাঠকেল নিক্ষেপ করে ভাংচুর চালিয়ে ব্যাপক ক্ষতি করে বলে অভিযোগ করেন।
এব্যাপারে মামলার আসামি দেওকলস ইউপি চেয়ারম্যান তাহিদ মিয়া বলেন, রাস্তা নেয়ার জন্য মহিলার নিকট তিনি একটি সুপারিস করেছেন। কিন্তু মিথ্যা তথ্য দিয়ে মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।


