বিশ্বনাথে পানি নিষ্কাশনের ব্যবস্থা না করে একাধিক স্থানে কালভার্ট নির্মাণ
প্রকাশিত হয়েছে : ০৬ মার্চ ২০১৬ ইং, ৮:০৬ অপরাহ্ণ | সংবাদটি ৯১৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা : সিলেটের বিশ্বনাথে পানি নিষ্কাশন বিহীন একাধিক স্থানে নির্মিত হচ্ছে একাধিক কালভার্ট। সড়ক ও জনপথ (সওজ)’র অর্থায়নে ‘বিশ্বনাথ-রামপাশা-লামাকাজী সড়কে’ নির্মাণ করা হচ্ছে ওই কালভার্টগুলো। এতে টাকার অপচয় ছাড়া আর কিছুই নয় বলে দাবি করছেন উপজেলাবাসী।
এলাকাবাসী জানান, যেহেতু নির্মানাধীন একাধিক কালভার্টের এক পাশে বাড়ি-ঘর নির্মাণের ফলে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে, সেহেতু এসব স্থানে কালভার্ট নির্মাণ কাজ বন্ধ করাই হবে উত্তম কাজ। এতে সরকারের প্রায় কোটি টাকা সাশ্রয় হবে। আর সাশ্রয় হওয়া টাকা দিয়ে ভালো মতো সড়কটির সংস্কার কাজ হয়ে যাবে।
ছোট-বড় হাজারও গর্তে ‘বিশ্বনাথ-রামপাশা-লামাকাজী সড়কটি’ ভরপুর থাকলেও সংস্কারের অভাবে এ সড়ক দিয়ে চলাচলে উপজেলাবাসীকে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। সঠিক ভাবে সড়কটির সংস্কার কাজ করার দাবি এলাকাবাসী জানিয়ে আসলেও তা বাস্তবায়ন হচ্ছে না।
এলাকাবাসী অভিযোগ করে বলেন, পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই দেখেও এসব স্থানে কালভার্ট নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন সওজের কর্মকর্তারা। আর এতে নিরব ভূমিকা পালন করছেন এলাকার জনপ্রতিনিধি ও রাজনীতিবিদরাও। কি কারণে এমনটি হচ্ছে তা সঠিক ভাবে তদন্ত করে দেখার দাবিও জানান এলাকাবাসী।
সওজের নির্বাহী প্রকৌশলী শেখ মনিরুল ইসলাম বলেন, টেন্ডার প্রক্রিয়া শেষে কাজটি বর্তমান চলমান রয়েছে। তাই এসব কাজ বন্ধ করা কিংবা কর্ম প্রক্রিয়া পরিবর্তন করা এখন আর সম্ভব নয়।


