বিশ্বনাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করলেন এমপি
প্রকাশিত হয়েছে : ০২ জুন ২০২৬ ইং, ৫:১৭ অপরাহ্ণ | সংবাদটি ১০ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ^নাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিকভাবে পরিদর্শন করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর। আজ মঙ্গলবার বিকেলে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও জরুরি বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের সাথে কথা বলেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালের চিকিৎসাসেবা, পরিচ্ছন্নতা, রোগীদের খাবারের মান, জনবল সঙ্কট এবং অ্যাম্বুলেন্স সেবার বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। রোগীদের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথা শুনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এমপি বলেন, জরুরি মুহূর্তে রোগীরা যেন দ্রুত ও নিরবচ্ছিন্ন সেবা পান, তা নিশ্চিত করতে হবে। তিনি হাসপাতালে দালালচক্রের তৎপরতা রোধ, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং রোগীদের জন্য সরবরাহকৃত খাবারের মান ও পুষ্টিগুণ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন।
শয্যাপাশে এমপিকে পেয়ে অনেক রোগী আবেগাপ্লুত হয়ে পড়েন। রোগীরা নিজেদের অসুস্থতা, চিকিৎসা সেবা ও বিভিন্ন সমস্যার কথা খুলে বললে এমপি মনোযোগ সহকারে তা শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
পরিদর্শনকালে এমপি তাহসিনা রুশদীর চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের রোগীদের প্রতি আরও আন্তরিক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। পাশাপাশি স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথাও উল্লেখ করেন।
এসময় সংসদ সদস্যের সঙ্গে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. মাহবুব আলী জহির, যুগ্ম-সম্পাদক মোনায়েম খান, যুক্তরাজ্য বিএনপি নেতা জামাল উদ্দিন, বিশ^নাথ পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক শাহজাহান, সহ-সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, উপজেলা বিএনপির সহ-ক্রীড়া সম্পাদক কাওছার আহমদ তুলাইসহ অন্যান্য নেতৃবৃন্দ।


