বরের প্রাইভেটকার থেকে নববধূ ছিনতাই
প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০১৫ ইং, ১০:১৩ অপরাহ্ণ | সংবাদটি ১৪৪০ বার পঠিত
নিউজ ডেস্ক:: বিয়ে করে নববধূকে নিয়ে ফেরার পথে একদল দুর্বৃত্ত রাস্তায় ব্যারিকেড দিয়ে জোরপূর্বক নববধূকে তুলে নিয়ে গেছে। শুক্রবার রাত ৭টার দিকে আড়াইহাজার উপজেলার রসুলপুর এলাকায় এই ঘটনা ঘটে। অপহৃত নববধূর নাম সুর্বণা আক্তার।নববধূর পিতা নোয়াগাঁও গ্রামের আব্দুল লতিফ জানান, ১৫ দিন আগে রূপগঞ্জ উপজেলার পুটিনা এলাকার জহিরুলের ছেলে নাজিম উদ্দিনের সঙ্গে উভয় পরিবারের সম্মতিতে শুক্রবার বিয়ের দিন ধার্য হয়। শুক্রবার বিয়ের কর্য সম্পন্ন করতে গিয়ে সন্ধ্যা হয়ে যায়। রাত ৭টার দিকে বরযাত্রীর লোকজন নববধূকে নিয়ে যাওয়ার সময় বাঘবাড়ি আড়াইহাজার সড়কের রসুলপুর এলাকায় পৌঁছালে টেকপাড়া হাতেম আলীর ছেলে মোফাজ্জল ও তার সহযোগীরা মাইক্রোবাস রাস্তার মাঝখানে রেখে তাদের গাড়ির গতিরোধ করে। এসময় বরের বহনকারী প্রাইভেটকার থেকে বর নাজিমকে টেনে হিঁচড়ে বের করে বেধড়ক পিটুনি দেয়। দেশিয় অস্ত্র দিয়ে বরের লোকজনকে মারধর করে। এতে আহত হয় ১০ বরযাত্রী। আশপাশের লোকজন কিছু বুঝে উঠার আগেই নববধূ সুর্বনাকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
সাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অদুদ মাহমুদ জানান, টেকপাড়ার মোফাজ্জল সূবর্ণাসহ বিভিন্ন স্কুলের ছাত্রীদের রাস্তাঘাটে প্রায়ই উত্যক্ত করতো। নেশাগ্রস্থ হয়ে বিভিন্ন লোকজনকে শারীরিক মানসিক নির্যাতনের অভিযোগে তার বিরুদ্ধে একাধিক সালিশ করে সতর্ক করা হয়েছে।
আড়াইহাজার থানার ওসি মো: সাখাওয়াত হোসেন জানান, অভিযোগ পেয়েছি। নববধূকে উদ্ধারের ব্যাপারে পদক্ষেপ নেয়া হচ্ছে।


