সিলেটে বিধ্বস্ত বরিশাল বুলস
প্রকাশিত হয়েছে : ০৬ ডিসেম্বর ২০১৫ ইং, ৫:১০ অপরাহ্ণ | সংবাদটি ১০৯৯ বার পঠিত
নিউজ ডেস্ক:: বাংলাদেশ প্রিমিয়ার লিগের তৃতীয় পর্বের প্রথম ম্যাচে সিলেট সুপার স্টার্সের কাছে ব্যাটে বলে রীতিমতো বিধ্বস্ত হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের বরিশাল বুলস। ক্রিস গেইলের ফেরার দিনে ৫৮ রানে অল আউট হয়ে নয় উইকেটের হার নিয়ে মাঠ ছেড়েছে বরিশাল।বরিশালের দেয়া ৫৯ রানের এই মামুলি লক্ষ্য পার হতে কোন সমস্যাই হয়নি সিলেটের। জুনাইদ সিদ্দিকীর ৩৪ আর নুরুল হাসানের ২৩ রানের উপর ভর করে ১ উইকেট হারিয়ে ১১.২ ওভারেই ৬২ রান তুলে জয় নিশ্চিত করে সিলেট। ইনিংসের প্রথম ওভারে আউট হওয়া দিলশান মুনাবিরার উইকেটটি নেন মোহাম্মদ সামি।
এর আগে বরিশালের হয়ে ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইলের প্রত্যাবর্তনের দিনে টস হেরে ব্যাট করতে নামে বরিশাল। দলীয় ২১ রানের মাথায় ৮ বলে ৮ রান করে মোহাম্মদ শহীদের শিকারে পরিণত হন গেইল। এর আগেই অবশ্য বরিশালের ব্যাটিং লাইন আপে আঘাত হানেন সোহেল তানভীর। ফিরিয়ে দেন আসরের একমাত্র সেঞ্চুরিয়ান এভিন লুইসকে।
এরপরই শুরু হয় বুলসের আসা যাওয়ার মিছিল। শেষ পর্যন্ত ১৬ ওভারে ৫৮ রানেই গুটিয়ে যায় বরিশালের ইনিংস। সর্বোচ্চ ১৬ রান আসে মোহাম্মদ সামির ব্যাট থেকে। চার ওভারে ১২ রান খরচায় ৩ উইকেট নিয়ে সিলেটের সফলতম বোলার রবি বোপারা। এক্সট্রা অর্ডিনারি বল করেন শহীদ আফ্রিদি। চার ওভার বল করে মেডেনসহ ৫ রান খরচায় তুলে নেন ২ উইকেট। এছাড়া মোহাম্মদ শহীদ ও রুবেল হোসেন নেন দুটি করে উইকেট।
মৌসুমে মাত্র দ্বিতিয় জয়ের দেখা পেল মুশফিকুর রহিমের সিলেট। এই জয়ে চার পয়েন্ট নিয়ে চট্টগ্রামকে টপকে টেবিলের তলানি থেকে উঠলো তারা। আর সাত ম্যাচে ৫ জয়ে টেবিলের দ্বিতীয় স্থানে বরিশাল বুলস।


