বিশ্বনাথে সরকারী জায়গা দখল নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা
প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০১৬ ইং, ৮:১৭ অপরাহ্ণ | সংবাদটি ৯৫৬ বার পঠিত
স্টাফ রিপোর্টার ::বিশ্বনাথে সরকারী জায়গা দখল নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। অবৈধ দখলদারদেরকে উচ্ছেদের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে পাল্টা-পাল্টি স্মারকরিপি প্রদান করেছে দুটি পক্ষ।
এদিকে, উপজেলা ভূমি অফিসের ভারপ্রাপ্ত কানুনগো মো. ইসমাইলের বিরুদ্ধে তদন্ত কাজে প্রভাবিত হয়ে প্রতিবেদন দাখিলের অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাহাড়া দুভাগ গ্রামের ওয়াহিদ মিয়া ও সাকির মিয়া লোকজনের মধ্যে তাদের বাড়ির পাশ্ববর্তি সরকারী জায়গা দখল নিয়ে বিরোধ চলে আসছে। সম্প্রতি শাকির মিয়া তার বাড়ির সমানের রাস্তায় গেইট নির্মাণ কাজ শুরু করেন। এতে সরকারী জায়গার উপর গেইট নির্মাণের দাবি করে তা বন্ধের জন্য ওয়াহিদ মিয়া গংরা উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করলে পাল্টা স্মারকলিপি প্রদান করেন সাকির মিয়া। ঔ স্মারকলিপিতে বাহাড়া দুভাগ গ্রামের চাঁদ মিয়া, রুকন মিয়া, আরশ আলী, ছাতির মিয়া, আব্দুর রব, ছোট মিয়া, হিরণ মিয়া, আজিম, সাখাওয়াত আলী, আঙ্গুর মিয়া, লয়লুছ মিয়া ও নুরুজ মিয়া বিরু্েদ্ধ সরকারী জায়গা দখলের অভিযোগ এনে তা উচ্ছেদের দাবি করা হয়।
পাল্টা-পাল্টি অভিযোগের প্রেক্ষিতে গত ৩০ নভেম্বর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর নির্দেশে ঐ দিনই ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা এবং পরিদর্শনের পর ঐ দিনই তিনি তদন্ত প্রতিবেদন দাখিল করেন। সরেজমিন এই তদন্ত প্রতিবেদন একপেশে করা হয়েছে দাবি করে গত ১৩ ডিসেম্বর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ প্রদান করেন সাকির মিয়া। এরপর পাল্টা-পাল্টি অভিযোগের প্রেক্ষিতে গত ২৯ ডিসেম্বর সরেজমিন তদন্তে বিরোধপূর্ণ জায়গা পদির্শন করেন কানুনগো মো. ইসমাইল। ঐ তদন্ত একপেশে হয়েছে ও পূণ:জরীপ করার দাবি জানিয়ে ৩০ ডিসেম্বর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত স্মারকলিপি প্রদান করেন সাকির মিয়া।


