লন্ডনে সড়ক দুর্ঘটনায় জগন্নাথপুরের যুবক নিহত
প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০১৬ ইং, ১:৪৯ অপরাহ্ণ | সংবাদটি ৯৫৩ বার পঠিত
নিউজ ডেস্ক:: জগন্নাথপুর পৌর শহরের ৮নং ওয়ার্ডের পূর্ব ভবানীপুর (বলবল) এলাকার বাসিন্দা উস্তার উল্ল্যার পুত্র লেচু মিয়া (৩৫) যুক্তরাজ্যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার বাংলাদেশ সময় সকাল ৯টায় যুক্তরাজ্যের বার্মিংহাম এর নিউপুট এলাকার ৪১মটর ওয়েতে এ দুর্ঘটনাটি ঘটে। যুক্তরাজ্যে বসবাসরত পরিবারের সদস্যরা জানান, নিহত লেচু মিয়া দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যের বার্মিংহাম এলাকায় স্ত্রী সন্তানদের নিয়ে বসবাস করছিলেন। রবিবার সকাল ৯টায় তার মালিকানাধীন রেস্তোরা থেকে কাজ শেষে প্রাইভেট কার যোগে বাসায় ফিরছিলেন। নিউপুট এলাকার ৪১মটর ওয়েতে পৌছা মাত্র বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রলির সাথে মুখোমূখি সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই লেচু মিয়া প্রান হারান। সাথে সাথে পুলিশ দুর্ঘটনাস্থলটি ঘীরে রাখে। জগন্নাথপুর পৌর পয়েন্ট এলাকায় অবস্থিত নেকস্ট ফাষ্ট ফুড এন্ড স্টেশনারী দোকানের সত্ত্বাধিকারী পৌর শহরের যুব সমাজের পরিচিত মূখ লেচু মিয়ার মর্মান্তিক মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে সর্বত্রই শোকের ছায়া নেমে আসে। বাড়িতে থাকা বৃদ্ধ বাবা, বৃদ্ধা মা এবং ভাই বোন আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধন ও সহপাঠীদের বুক ফাটা করুন আর্তনাদে পূর্ব ভবানীপুর (বলবল) এলাকা ভারী হয়ে উঠে। নিহত লেচু মিয়ার চাচাতো ভাই কনাষ্ট্রাকশন ব্যবসায়ী রূপন মিয়া জানান, ২সন্তানের জনক লেচু মিয়া ছিলেন যুব সমাজের অত্যন্ত পরিচিত মূখ। জগন্নাথপুর ডিগ্রী কলেজ থেকে এইচ এস সি পাশ করে ব্যবসায় জড়িয়ে পড়েন। পরে যুক্তরাজ্যে পাড়ি জমান। ৬ভাইয়ের মধ্যে লেচু মিয়াসহ ৪ভাই যুক্তরাজ্যে এবং ২ভাই বাংলাদেশে বসবাস করছেন। ২০০৪ সালে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজি সুন্দর আলীর ব্রিটিশ নাগরিক মেয়েকে বিয়ে করে সংসার জীবন শুরু করেন। রূপন মিয়া আরো জানান, সড়ক দুর্ঘটনার পুরো বিষয়টি যুক্তরাজ্যের সকল আইনী কার্যক্রম সম্পন্ন হওয়ার পর জানা যাবে লেচু মিয়ার মরদেহ বাংলাদেশে কবে আসবে। লেচু মিয়ার মৃত্যুর সংবাদে শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে তার বাড়িতে বিভিন্ন শ্রেনী পেশার লোকজন ছুটে যান। এদিকে নিহত লেচু মিয়ার গনিষ্ট সহপাঠি জগন্নাথপুর পৌর যুবলীগের সদস্য ব্যবসায়ী আকমল হোসেন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় লেচু মিয়ার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার রুহের মাগফেরাত কামনা করেন।


