রমজানেও ওমরাহ করতে পারবে না বাংলাদেশীরা
প্রকাশিত হয়েছে : ০৬ জুন ২০১৫ ইং, ৫:১৮ অপরাহ্ণ | সংবাদটি ১০৪৩ বার পঠিত
নিউজ ডেক্স:: পবিত্র ওমরাহ পালন করতে এ বছর কোনো বাংলাদেশী সৌদি আরব যেতে পারবেন না। ওমরাহ নামে মানবপাচারের অভিযোগে সৌদি সরকার এবার বাংলাদেশীদের ওমরাহ ভিসা বন্ধ করে দিয়েছে। ধর্ম মন্ত্রণালয় বলছে, রমজানেও ওমরাহ ভিসা চালু হওয়ার কোনো সম্ভাবনা নেই।
হজ এবং ওমরায় গিয়ে কিছু মানুষের সৌদি আরবে থেকে যাওয়ার প্রবণতা চলছে অনেকদিন ধরেই। সম্প্রতি এ প্রবণতা আশঙ্কাজনক হারে বেড়েছে। গত হজের পর জানুয়ারিতে বাংলাদেশীদের জন্য ওমরাহ ভিসা চালু হলে সৌদি আরবে গিয়ে প্রায় ৪ হাজার বাংলাদেশী ফিরে আসেননি। এ কারণে সৌদি সরকার বাংলাদেশের ৩১ ওমরাহ এজেন্টকে অভিযুক্ত করেছে। বন্ধ করে দেয়া হয়েছে সকল বাংলাদেশীর ওমরাহ ভিসা।
ধর্মসচিব চৌধুরী মো. বাবুল হাসান জানান, আমাদের দেশের এজেন্টদের সৌদি আরবে কাউন্টার এজেন্ট আছে। তাদের মাধ্যমে যাওয়া ওমরাহ পালনকারীদের অনেকেই ফেরেনি। সংখ্যাটা ৫-৬ জন থেকে ২-৩’শ বলে জানান ধর্মসচিব। ওমরাহ চালুর বিষয়টি নিয়ে কোন অনুরোধ জানানোর সুযোগ নেই বলে জানালেন তিনি। এবার রোজায় কেউ ওমরাহ করতে পারবেন না বলেও মনে করেন তিনি।
বাংলাদেশের যে সব ওমরাহ এজেন্ট হজ এবং ওমরার নামে মানব পাচারের সঙ্গে জড়িত, সৌদি সরকারের কাছে তাদের পূর্ণাঙ্গ তালিকা চেয়েছে ধর্ম মন্ত্রণালয়।
ধর্মসচিব আরও জানান, জড়িত এজেন্টদের কালো তালিকাভুক্ত করেছে সৌদি সরকার। তাদের কাছে চিঠি পাঠিয়ে জড়িতদের তালিকা চাওয়া হয়েছে। তালিকা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
ওমরাহ পালনসহ মহানবী হজরত মুহাম্মদ (সাঃ)-এর রওজা জিয়ারতে প্রতি বছর প্রায় অর্ধলক্ষ বাংলাদেশী সৌদি আরব যান। সবচেয়ে বেশি যান পবিত্র রমজান মাসে।


