সিলেটের ডিআইজি ও ওসিদের ঘুষের হিসাব দিলেন সমাজকল্যাণমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ১৩ জুন ২০১৫ ইং, ২:৫৮ অপরাহ্ণ | সংবাদটি ১০৭২ বার পঠিত
নিউজ ডেক্স:: সিলেট রেঞ্জের ডিআইজি ও কয়েক জন ঘুষ বাণিজ্যে বর্ণনা দিয়েছেন স্বয়ং সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী এমপি। তিনি গত বৃহস্পতিবার জাতীয় একটি দৈনিক পত্রিকার এক প্রতিবেদকের সাথে আলাপকালে এমন তথ্য দিয়েছেন বলে জানা গেছে। পর দিন ওই পত্রিকায়ও সমাজকল্যাণমন্ত্রীর দেয়া তথ্যগুলো প্রকাশ করা হয়।
ডেইলি বিশ্বনাথ ডটকম এর পাঠকদের জন্য তা তুলে ধরা হলো: গত বৃহস্পতিবার সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘মৌলভীবাজারের পুলিশ সুপার একজন দুর্নীতিবাজ। সম্প্রতি পুলিশে নিয়োগের সময় অন্তত ১০০ জনের কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা করে নিয়েছেন। জামায়াত-শিবির ও বিএনপির লোকজনকে পুলিশে ঢুকিয়েছেন। আইনশৃঙ্খলা সভায় পুলিশ সুপারকে শাসন করেছি।’ তিন থানার ওসিকে দাঁড় করানোর ব্যাপারে তিনি বলেন, ‘কুলাউড়ার ওসিকে ১০ লাখ টাকা না দিলে কথা বলে না। তার বিরুদ্ধে ৩০০ জনের দরখাস্ত পেয়েছি। জুড়ী থানার ওসি দলীয় লোকদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিচ্ছে। আবার নিরপরাধ লোকদের ফাঁসিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে। বড়লেখার ওসি হুইপের কথা শোনে।’
হুইপ তো আপনার দলেরই নেতা- এ প্রশ্ন করলে মহসিন আলী বলেন, মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকতে হয়। ওনার মধ্যে আছে কি না তা সবাই জানে। এডিসির ব্যাপারে তিনি বলেন, ‘এডিসি আমাকে বীর মুক্তিযোদ্ধা বলেনি। এ কারণে তাকে আদর করে থাপ্পড় মেরেছি। যারা ভালো কাজ করবে তাদের আদর করব। আর যারা খারাপ করবে তাদের শাসন করবই। সভায় যারা খারাপ ছিল তাদের শাসন করেছি।’ তিনি বলেন, ‘সিলেট রেঞ্জের ডিআইজিও এক দুর্নীতিবাজ। ওসিরা তাকে প্রতি মাসে দুই লাখ থেকে আড়াই লাখ টাকা দিয়ে থাকে। আমার এলাকায় এসব চলবে না। দুর্র্নীতি যারা করবে তাদের রক্ষা নেই। পুলিশ আমার বিরুদ্ধে কোনো নালিশ করেও কিছু করতে পারবে না। সত্যের জয় হবেই।’
সূত্র: কালের কণ্ঠ


