বিশ্বনাথে মাদক সম্রাট সিতাব আলী মদ-গাঁজাসহ গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০১৫ ইং, ১১:২১ পূর্বাহ্ণ | সংবাদটি ১৭৬২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ মাদক সম্রাট সিতাব আলী (৩৬) কে ভারতীয় মদ ও গাঁজাসহ গ্রেফতার করেছে। সে উপজেলার রাজনগর-মোল্লারগাঁও গ্রামের আসিদ আলীর ছেলে। বর্তমানে রাজনগর রোডে আনোয়ার মিয়ার কলোনীতে বসবাস করে আসছে। মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানায়।
গ্রেফতারের সত্যতা স্বীকার করে থানার অফিসার ইন-র্চাজ রফিকুল হোসেন ডেইলি বিশ্বনাথ ডটকমকে বলেন, থানার এসআই সুমন চন্দ্র সরকার সঙ্গীয় এসআই কল্লোল গোস্বামী, এসআই তোফাজ্জল হোসেন ও ফোর্সসহ একটি বিশেষ টিম রাতে অভিযান পরিচালনা করে সিলেট অঞ্চলের কুখ্যাত মাদক সম্রাট সিতাব আলীকে ৬ বোতল ভারতীয় তৈরি আমদানী নিষিদ্ধ এসি ব্ল্যাক মদ এবং ২৯ পুরিয়া গাঁজাসহ তার নিজ গ্রাম থেকে আটক করে।
তিনি বলেন, গ্রেফতারকৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে এলাকায় মাদক সম্রাট হিসেবে সুপরিচিত। সে ও তার কর্তৃক নিয়োগকৃত লোকজনের মাধ্যমে দীর্ঘদিন যাবত এলাকায় মাদকের ব্যবসায় পরিচালনা করে আসছে। ইতোপূর্বে সে একাধিক বার পুলিশের নিকট ধৃত হলেও জামিনে ছাড়া পেয়ে আরো উৎসাহে পুনরায় একই ব্যবসায় লিপ্ত হচ্ছে। তার কারনে এলাকার যুব সমাজ ধ্বংসের পথে। এই চিহ্নিত মাদক স¤্রাট সিতাব আলী মাদক দ্রব্য গাঁজা, মদ ও ফেন্সিডিল বিক্রয় করে দেশের মূল্যবান সম্পদ ‘যুবশক্তি’ কে ক্রমান্বয়ে ধ্বংস করে দিচ্ছে। তার বিরুদ্ধে ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) এর টেবিল ৭(ক) ও (১০) এবং ২২(গ) ধারায় অপর একটি মামলা রুজু করে বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।


