জগন্নাথপুরে পৃথক সংঘর্ষে আহত ১৫
প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০১৫ ইং, ৯:১৩ অপরাহ্ণ | সংবাদটি ৯৮৫ বার পঠিত
ওয়াহিদুর রহমান ওয়াহিদ,জগন্নাথপুর:: সুনামগঞ্জের জগন্নাথপুরে পৃথকস্থানে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং অন্যান্য আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তিসহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
জানাগেছে, জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের আসামপুর গ্রামের হাবিবুর রহমান ও রফু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তাদের বিরোধ নিস্পত্তির জন্য গত বুধবার রাত প্রায় ১১ টার দিকে গ্রামে শালিস বৈঠক বসে। এ সময় শালিস বৈঠকে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি ও উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় আধা ঘন্টাব্যাপী সংঘর্ষের ঘটনায় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে হাবিবুর রহমান, সাজিদুর রহমান, সুয়াইবুর রহমান জাবের, আব্দুস সালাম, খালেদা বেগম, লেচু মিয়া, রফু মিয়া, ছাদ মিয়াসহ উভয় পক্ষের নারীসহ কমপক্ষে ১০ জন আহত হন। এর মধ্যে রফু মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অন্যান্য আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তিসহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এদিকে-জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গোয়ালগাঁও গ্রামে রাস্তা নিয়ে বিরোধের জের ধরে গ্রামের আবু বক্কর ও আব্দুল জলিলের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনায় আবু বক্কর, আব্দুল জলিল, আবুল হোসেন, আব্দুস ছাত্তারসহ উভয় পক্ষের ৪ জন আহত হন। এর মধ্যে আবুল হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং অন্যান্য আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মিরপুর ইউনিয়নের কেউনবাড়ি বাজারে প্রতিপক্ষের হামলায় স্থানীয় আটঘর গ্রামের বাসিন্দা ছালিক মিয়া নামের ১ জন আহত হন। আহতকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


