আসন্ন বিশ্বনাথ সদর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীরা মাঠে চুষে বেড়াচ্ছেন
প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০১৫ ইং, ১২:০৪ অপরাহ্ণ | সংবাদটি ২৫২৮ বার পঠিত
মোহাম্মদ আলী শিপন:: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই বিশ্বনাথ সদর ইউনিয়নে মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী। আগামী বছরের মার্চের দিকে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এমন আভাসের পরিপ্রেক্ষিতে বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ ইউনিয়নের বড় দুই দলের সম্ভাব্য প্রার্থীরা নড়েচড়ে বসেছেন। দলীয় ব্যানারে নির্বাচনী বৈতরণী পার হতে দলের উর্ধ্বতন নেতাকে খুশি ও সমর্থন আদায় করে নিতে আড়ালে আবডালে ব্যাপক তৎপরতা চালিয়ে যাওয়ার পাশাপাশি নির্বাচন দিনক্ষণ ঠিক হওয়ার পূর্বেই নিজেকে জানান দিতে প্রচারণায় মাঠে ব্যস্ত সময় কাটাচ্ছেন। প্রচারনার হাতিয়ার হিসেবে অনেকেই বিগত ঈদ ও পূজাকে উপলক্ষ্য করে পোষ্টার, লিফলেট, ফেস্টুন, ব্যানার সহ ইউনিয়নের গ্রামে-মহল্লায়, হাট-বাজারের আনাছে কানাছে সাটিয়ে দিয়ে শুভেচ্ছা জানিয়ে নিজেদের জানান দিয়েছেন। এসকল প্রার্থীদের মধ্যে অধিকাংশ প্রার্থীই আওয়ামীলীগ ও বিএনপি সমর্থিত। তবে বিশ্বনাথ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রবাসী প্রার্থীরা রয়েছেন। তারাও দেশে থাকা আত্বীয় স্বজনের মাধ্যমে ভোটাদের নির্বাচনী প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন।
এদিকে, বিশ্বনাথ পৌরসভা শীঘ্রই ঘো্ষনা হতে পারে এমন খবরে অনেক ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী রয়েছেন টেনশনে। যদি ইউপি নির্বাচেনর আগে পৌরসভা ঘোষনা আসে তাহলে ইউপি পরিষদের আকার অনেক ছোট হয়ে যাবে বলে এলাকাবাসী মনে করেন।
বিশ্বনাথ ইউপির বিভিন্ন গ্রামের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদের সম্ভাব্য প্রার্থীরা বিগত কয়েক মাস থেকেই প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এমনকি সম্ভাব্য প্রার্থীরা বিগত কোরবানির ঈদ ও দুর্গাপূজাকে প্রচারণায় কাজে লাগিয়েছেন। কেউবা নিজেকে জানান দিতে রক্ত দান, ফ্রি চিকৎসা ক্যাম্প, ফ্রি খৎনার আয়োজন, গরিব অসহায়দের সহযোগীতা মাধ্যমে কেউবা আবার চা-চক্র, রাতের ঘুম হারাম করে গ্রাম ও পাড়ায় গিয়ে ভোটারদের কাছে নিজ নিজ প্রচারণাসহ উঠান বৈঠক ও মতবিনিময় সভা চালিয়ে যাচ্ছেন। অনেকেই ফেসবুক, হোয়াটস এ্যাপ সহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমেও জোর প্রচারণা চালাচ্ছেন। তাছাড়া অনেক প্রার্থী নীরবে তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তাঁরা নির্ধারিত সময়ে নিজেদের প্রকাশ করবেন বলে জানিয়েছেন।
এদিকে, যুক্তরাজ্য প্রবাসী বেশ কয়েকজন প্রার্থী এবারের ইউপি পরিষদ নির্বাচনে অংশ গ্রহন করবেন বলে তাদের দেশে থাকা আত্বীয় স্বজনরা জানিয়েছেন। বিশ্বনাথ ইউপির সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী প্রবাসী প্রার্থীরা আগামী মাসের শেষের দিকে দেশে আসতে পারেন বলে সূত্রে জানাগেছে।
সরকার এবার দলীয় প্রতীক নিয়ে স্থানীয় নির্বাচন করার ঘোষনা দেয়। ফলে আসন্ন ইউপি নির্বাচনে দলীয় প্রার্থী হতে জোর লবিং চালিয়ে যাচ্ছেন চেয়ারম্যানপ্রার্থীরা।
কে হবেন আগামী দিনের বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ নিয়ে গ্রামগঞ্জের চায়ের স্টলে চলেছে তুমুল তর্ক বিতর্ক। সম্ভাব্য প্রার্থীদের পাশাপাশি ভোটাররাও তাদের ভোট এবার কাকে দেবেন তার হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত।
ইউনিয়নে এখন পর্যন্ত যে সকল সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থীদের নাম শুনা যাচ্ছে। তারা হলেন, বর্তমান চেয়ারম্যান জালাল উদ্দিন, সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক, আ.লীগ নেতা শাহ আসাদুজ্জামান আসাদ, বিএনপি নেতা আবদুল হাই, জামায়াত নেতা মাস্টার ইমাদ উদ্দিন, জাপা নেতা রফিকুল আলম লালু, যুক্তরাজ্য প্রবাসী মহিউদ্দিন পলাশ, মদরিছ আলী মফজ্জুল। তবে প্রার্থীর তালিকা আরও দীর্ঘ হতে পারে বলে ধারনা করা যাচ্ছে।


