ওসমানীনগরে দুপক্ষের সংঘর্ষে আহত ১৫
প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০১৫ ইং, ৬:২৭ অপরাহ্ণ | সংবাদটি ১১১৫ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরের তাজপুর ইউপির সুনারপাড়া গ্রামে আবারো দু’পক্ষের মধ্যে পূর্ব রিুধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার তিনটার দিকে ঘন্টা ব্যাপী সংঘর্ষে অন্তত ১৫জন আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। গুরুতর আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রবিদাশ সুনারপাড়া গ্রামের আবদুর রব ও জমসেদ আলীর পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করে। সংঘর্ষে জমসেদ আলী, জুয়েল মিয়া, ছুরেফুল বেগম, মাহমদ আলী, ফজর আলী, মফিজ উল্যা, আবদুল কাদির, আরিফ উল্যা আবদুল হান্নান, সুভাব, সাব্বির, রফু মিয়াসহ উভয়পক্ষের অন্তত ১৫জন আহত হয়। এর আগে গত ২৮ সেপ্টেম্বর শালিস বৈঠকেও এই দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। তাজপুর ইউপির মেম্বার ভাস্কর দত্ত এর সত্যতা নিশ্চিত করে বলেন, উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। ওসমানীনগর থানার ওসি মুরসালিন বলেন, এলাকার পরিস্থিতি শান্ত আছে। এব্যাপারে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


