বিশ্বনাথের রামপাশা ইউপি নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের ব্যস্ততা
প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০১৫ ইং, ৮:৩০ অপরাহ্ণ | সংবাদটি ২২৫০ বার পঠিত
তজম্মুল আলী রাজু,জামাল মিয়া,আবুল কাশেম:: বিশ্বনাথ উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার রামপাশা ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীদের চোখে ঘুম হারাম করে ছুটেছেন শুভাকাঙ্খীদের কাছে। ক্লান্তিহীন দৌড় ঝাপে এগিয়ে রয়েছেন নবাগত প্রার্থীরা। কাজের পক্ষে জোরালো ভূমিকা রাখতে সবাই ব্যাপক পরিকল্পনায় ব্যস্ত সময় পার করছেন।
দীর্ঘদিনের দাবি ও বাস্তবতাকে উপলব্ধি করে সরকার যদি দলীয় পরিচয় ও প্রতীককে স্থানীয় সরকার ভূক্ত প্রতিষ্ঠানগুলো নির্বাচন করে তাহলে নির্বাচনী মাঠে চিত্র পাল্টে যেতে পারে। দলীয় মনোনয়ন লাভের আশায় তৃণমূল ভোটারদের সমর্থনের চেয়ে নেতাদের দৃষ্টি আকর্ষনে তাদের ব্যস্ত সময় পার করতে হচ্ছে সম্ভাব্য প্রার্থীদের। সর্বত্র বইছে এখন নির্বাচনী হাওয়া।
আগামী বছরের মার্চের দিকে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এমন আভাসের পরিপ্রেক্ষিতে বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের বড় দুই দলের সম্ভাব্য প্রার্থীরা নড়েচড়ে বসেছেন। দলীয় ব্যানারে নির্বাচনী বৈতরণী পার হতে দলের উর্ধ্বতন নেতাকে খুশি ও সমর্থন আদায় করে নিতে আড়ালে আবডালে ব্যাপক তৎপরতা চালিয়ে যাওয়ার পাশাপাশি নির্বাচন দিনক্ষণ ঠিক হওয়ার পূর্বেই নিজেকে জানান দিতে প্রচারণায় মাঠে ব্যস্ত সময় কাটাচ্ছেন। প্রচারনার হাতিয়ার হিসেবে অনেকেই বিগত ঈদ ও পূজাকে উপলক্ষ্য করে পোষ্টার, লিফলেট, ফেস্টুন, ব্যানার সহ ইউনিয়নের গ্রামে-মহল্লায়, হাট-বাজারের আনাছে কানাছে সাটিয়ে দিয়ে শুভেচ্ছা জানিয়ে নিজেদের জানান দিয়েছেন। এসকল প্রার্থীদের মধ্যে অধিকাংশ প্রার্থীই আওয়ামীলীগ ও বিএনপি সমর্থিত। তবে বিশ্বনাথ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রবাসী প্রার্থীরা রয়েছেন। তারাও দেশে থাকা আত্বীয় স্বজনের মাধ্যমে ভোটাদের নির্বাচনী প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন।
রামপাশা ইউপির বিভিন্ন গ্রামের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদের সম্ভাব্য প্রার্থীরা বিগত কয়েক মাস থেকেই প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এমনকি সম্ভাব্য প্রার্থীরা বিগত কোরবানির ঈদ ও দুর্গাপূজাকে প্রচারণায় কাজে লাগিয়েছেন। কেউবা নিজেকে জানান দিতে রক্ত দান, ফ্রি চিকৎসা ক্যাম্প, ফ্রি খৎনার আয়োজন, গরিব অসহায়দের সহযোগীতা মাধ্যমে কেউবা আবার চা-চক্র, রাতের ঘুম হারাম করে গ্রাম ও পাড়ায় গিয়ে ভোটারদের কাছে নিজ নিজ প্রচারণাসহ উঠান বৈঠক ও মতবিনিময় সভা চালিয়ে যাচ্ছেন। অনেকেই ফেসবুক, হোয়াটস এ্যাপ সহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমেও জোর প্রচারণা চালাচ্ছেন। তাছাড়া অনেক প্রার্থী নীরবে তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তাঁরা নির্ধারিত সময়ে নিজেদের প্রকাশ করবেন বলে জানিয়েছেন।
সরকার এবার দলীয় প্রতীক নিয়ে স্থানীয় নির্বাচন করার ঘোষনা দেয়। ফলে আসন্ন ইউপি নির্বাচনে দলীয় প্রার্থী হতে জোর লবিং চালিয়ে যাচ্ছেন চেয়ারম্যানপ্রার্থীরা।
কে হবেন আগামী দিনের রামপাশা ইউপি পরিষদের চেয়ারম্যান এ নিয়ে গ্রামগঞ্জের চায়ের স্টলে চলেছে তুমুল তর্ক বিতর্ক। সম্ভাব্য প্রার্থীদের পাশাপাশি ভোটাররাও তাদের ভোট এবার কাকে দেবেন তার হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত।
রামপাশা ইউনিয়নে এখন পর্যন্ত যে সকল সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থীদের নাম শুনা যাচ্ছে। তারা হলেন, বর্তমান চেয়ারম্যান আনোয়ার খান, সাবেক চেয়ারম্যান ও আ,লীগ নেতা আজিজুর রহমান, বিএনপি নেতা বশির আহমদ, খছরুজ্জামান খছরু, জামায়াত নেতা মাষ্টার মনোহর আলী, আ.লীগ নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, বিএনপি নেতা জয়নাল আবেদিন, জাপা নেতা আনোয়ার মিয়া, আবুল খয়ের মেম্বার, সেচ্ছাসেবকদল নেতা মোহাম্মদ কাওছার খান। তবে প্রার্থীর তালিকা আরও দীর্ঘ হতে পারে বলে এলাকাবাসী মনে করছেন।


