বিশ্বনাথে দু’পক্ষের সংঘর্ষের নারীসহ আহত ১০
প্রকাশিত হয়েছে : ০৩ জানুয়ারি ২০১৬ ইং, ৬:০৩ অপরাহ্ণ | সংবাদটি ১২৭২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষের নারীসহ অনন্ত ১০জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। রোববার দুপুরে উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের ভোলাগঞ্জ গ্রামের নূর মিয়া মেম্বার ও তার ভাই গফুর মিয়ার লোকজনের মধ্যে এঘটনা ঘটে।
আহতরা হলেন-নূর মিয়ার স্ত্রী মাছুমা বেগম, ছেলে হাফিজ ক্বারী মাহবুর রহমান, মেয়ে আমিনা বেগম শাপলা, গফুর মিয়ার পক্ষে-গফুর মিয়া, তার ভাই কামরুজ্জামান, চাচাত ভাই আবদুর জব্বার, জব্বারের ছেলে ফাহাদ মিয়া। বাকি আহতদের নাম জানাযায়নি। এরই মধ্যে গুরুতর আহত অবস্থায় আবদুল গফুরকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে জানাগেছে। বাকি আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে। এঘটনায় নূর মিয়া মেম্বার বাদি হয়ে তিনজনের নাম উল্লেখ্ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এব্যাপারে আবদুল গফুর বলেন, দীর্ঘদিন ধরে জমি-জামা নিয়ে নূর মিয়ার সঙ্গে বিরোধ চলে আসছিল। কিন্তু গত দুই মাস পূর্বে সৌদি থেকে দেশে আসার পর নূর মিয়া আমার কাছে চাঁদা দাবি করে আসছে। রোববার নূর মিয়া ও তার ছেলে মাহবুর রহমান ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে আমরা কয়েকজন আহত হই। আমাদের ওপর নূর মিয়ার আনিত সকল অভিযোগ মিথ্যা বানোয়াট।
নূর মিয়া বলেন, হঠাৎ করে গফুর মিয়া লোক নিয়ে আমার বাড়িতে হামলায় চালায়। এতে স্ত্রী-সন্তানরা আহত হয়। আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয়। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না বলে জানান।
তিনি বলেন, শংকর চন্দ্র ধরের ইন্ধনে এ হামলার ঘটনা ঘটেছে। এঘটনায় শংকর কে প্রধান আসামি করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে তিনি জানান।
শংকর চন্দ্র ধর বলেন, তার বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয় বলে তিনি দাবি করেন।
থানায় রোববার ডিউটিরত অফিসার এ এস আই রমজান আলী বলেন, এ ঘটনায় একটি পক্ষ লিখিত অভিযোগ দায়ের করেছে। তবে তদন্ত পূর্বক আইনি ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।


